Dhaka Mail Logo

জাতীয়

বিমানবন্দরে প্রবাসীর হারানো ল্যাপটপ উদ্ধার করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দিয়েছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

‎রোববার (৩১ আগস্ট) বিকেলে বিমানবন্দরের ভেতর থেকে ল্যাপটপটি উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়।

‎বাংলাদেশ আনসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদির রিয়াদ থেকে এসভি-৭৯৮ ফ্লাইটে আসে প্রবাসী মো. হযরত আলী। ক্যানোপি-২ এলাকায় অসাবধানতাবশত ট্রলির উপর তিনি ল্যাপটপ ফেলে রেখে বাইরে চলে যায়। ক্যানোপি এলাকায় পরিত্যক্ত ল্যাপটপটি দেখতে পেয়ে নিরাপদে হেফাজতে নেন দায়িত্বরত এপিসি মো. গোলাম রব্বানী। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পিসি মো. নিজাম উদ্দিনকে অবহিত করেন।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে এভসেক কর্তৃপক্ষের সহায়তায় বিমানবন্দরের ভেতরে ও বাইরে মাইকিং করে প্রবাসীর সন্ধান করা হয়। একপর্যায়ে প্রকৃত মালিক প্রবাসী হযরত আলীকে খুঁজে পেলে ডিএসও অফিসে আনা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ল্যাপটপটি তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

‎ল্যাপটপটি ফেরত পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান হযরত আলী।

‎একেএস/এএইচ