Dhaka Mail Logo

জাতীয়

স্থানীয় নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এদিন পাঁচ সদস্যের ইউএনডিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে- নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন আশা ব্যক্ত করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।‎

‎ রড্রিগেস জানান, নির্বাচন কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ সময় ছিল বলে মনে করেন তারা। ‎

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। কমিশন চাইলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও ইউএনডিপি সহযোগিতা করবে।

এমএইচএইচ/এএইচ