জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬, ১১:১৯ পিএম
রাজধানীর বিমানবন্দর এলাকায় বিদেশ ফেরত যাত্রীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- আব্দুর রব এবং আল-আমিন শান্ত।
রোববার (৩০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান।
কামরুল হাসান ঢাকা মেইলকে বলেন, গত ২৯ আগস্ট বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে বিদেশ ফেরত এক যাত্রী ছিনতাইয়ের শিকার হন। এসময় তার কাছ থেকে জোর করে ১০০ গ্রাম স্বর্ণ ছিনতাই করে তারা। পরে সেই ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা সেটা জানি না।
এদিকে বিমানবন্দর ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, গ্রেফতার দুজনের মধ্যে আল আমিন শান্ত বিমানবন্দর ছাত্রদলের সেক্রেটারি পদে আছেন৷ আব্দুর রব তার সহযোগী। এ ঘটনার পর ছাত্রদলের বিভিন্ন নেতা থানা পুলিশকে ম্যানেজ করার চেষ্টাও করেছেন। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছি।
জানা গেছে, বিদেশ ফেরত সেই যাত্রী ২০০ গ্রাম স্বর্ণ এনেছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী কাস্টমস ১০০ গ্রাম আটকে দেয়। পরে বাকি ১০০ গ্রাম নিয়ে তিনি তার গ্রামের বাড়িতে মাইক্রো যোগে যাচ্ছিলেন। পথে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে তাদের গাড়ি আটকে দেয় শান্ত ও রব। তারা যাত্রীর কাছ থেকে সেই ১০০ গ্রাম স্বর্ণ ছিনতাই করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী বিমানবন্দর থানায় পাঁচ জনের নামে একটি ছিনতাই মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
এমআইকে/এএস