Dhaka Mail Logo

জাতীয়

সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল পাসের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ ও ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিল দুটি পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে এ সুপারিশ করা হয়।

কমিটির বৈঠকে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’-এর বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হয়। 

সংশ্লিষ্ট বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বিল দুটি সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়। বৈঠকে বিলের বিভিন্ন দিক, সংশ্লিষ্ট বিধান এবং এর বাস্তবায়নসংক্রান্ত বিষয় নিয়ে সদস্যরা মতামত দেন।

কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ অংশ নেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

এমএইচএইচ/এএইচ