Dhaka Mail Logo

জাতীয়

মিরাজ শেখ নিখোঁজে স্বাধীন সংস্থার তদন্ত চান নূর খান

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম

বাগেরহাটের মোংলায় মিরাজ শেখ নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবর্তে স্বাধীন সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী নূর খান লিটন। 

তিনি আশঙ্কা করছেন, এ ঘটনায় কোস্টগার্ড জড়িত এবং বাহিনীটির সদস্যরা তুলে নিয়ে থাকতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নূর খান লিটন বলেন, ‘কোস্টগার্ডের কতিপয় সদস্য এই ঘটনার সঙ্গে যুক্ত, পুরো বাহিনীর ওপর তো তদন্ত আমরা দাবি করছি না।’

তিনি বলেন, ‘পুলিশ জিডির তদন্ত করছে। আর কোস্টগার্ডের বিরুদ্ধে হচ্ছে পরিবারের অভিযোগ এবং আমরা যারা ওখানে গিয়েছি, আমাদের কাছে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে যে কোস্টগার্ডই তাকে তুলে নিয়েছে।’

এ ঘটনায় নিরপেক্ষ ও স্বাধীন কোনো সংস্থার তদন্ত চেয়ে নূর খান লিটন বলেন, ‘কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ থাকলে একই বাহিনী বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্ত করা কঠিন। ’

তিনি তদন্তের দায়িত্ব স্বাধীন কোনো সংস্থার কাছে দেওয়ার প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, ‘মানবাধিকার কমিশনের অধীনে পুলিশের কর্মকর্তাদের দিয়ে তদন্ত করানো যেতে পারে। সেটিও সম্ভব না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মতো একটি ব্যবস্থা অথবা পৃথক স্বাধীন তদন্তকারী সত্তা গড়ে তোলা প্রয়োজন।’

এসময় নূর খান লিটন অভিযোগ করেন, মিরাজ শেখের সন্ধান চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ফলে প্রত্যক্ষদর্শীরা ভয়ে কথা বলতে চাইছেন না।

মিরাজ শেখের পরিবারের অভিযোগের প্রসঙ্গে লিটন বলেন, ‘কোস্টগার্ডের বিরুদ্ধে পরিবারের অভিযোগ রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছেও কোস্টগার্ডের সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ তৈরি হয়েছে।’

সম্প্রতি বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা ও জেলে মিরাজ শেখের নিখোঁজের ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও কিছু ডিজিটাল প্রমাণ থেকে মিরাজকে কারা নিয়ে গেছে, সে বিষয়ে পথনির্দেশনা পাওয়া যাচ্ছে। এপ্রিলের ১০ তারিখে মিরাজ শেখকে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর সাক্ষী এবং কিছু ডিজিটাল এভিডেন্স সবকিছু মিলিয়ে স্পষ্ট কিছু পথনির্দেশনা দেয় যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে।’

মিরাজ শেখকে উদ্ধারের পাশাপাশি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান নূর খান।

এমআইকে/এএম