নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম
রাজধানীর উত্তরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় গাজীপুর-ঢাকা মহাড়কের উত্তরায় জসিম উদ্দিন অ্যাভিনিউতে মিছিল করেন তারা।
বিক্ষোভ মিছিলটি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে করা হয়।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছিল। ওই সময় পুলিশ ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করে।
তিনি আরও বলেন, পুলিশ যখন ধাওয়া দেয়, তখন আশেপাশের লোকজনও ধাওয়া দেবে, এটাই স্বাভাবিক। মিছিলকারীদের ধাওয়া দিলে, আশেপাশের লোকজনও ধাওয়া দিয়েছিল।
একেএস/এএস