Dhaka Mail Logo

জাতীয়

বসিলার শীর্ষ সন্ত্রাসী ম্যাগনেট বাবু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবুকে বিদেশি রিভলভার ও মাদকসহ গ্রেফতার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে ১ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা ও ২৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে বসিলা রোড থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২।

র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ম্যাগনেট বাবু একটি মাইক্রোবাসে করে মাদক সরবরাহের উদ্দেশে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড়গামী বসিলা রোড অতিক্রম করবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি অভিযানিক দল তৎক্ষণাৎ ওই রাস্তায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।’

তিনি বলেন, ‘তল্লাশিকালে একটি মাইক্রোবাসের গতিরোধ করলে ড্রাইভিং সিটে বসে থাকা চালকের কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। এক পর্যায়ে অভিযানিক দল চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে, চালকই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবু।

mohammadpur_1তিনি আরও বলেন, ‘পরবর্তীতে বিশেষ সতর্কতায় তল্লাশি করে তার নিকট থেকে একটি বিদেশী রিভলভার, ১ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা এবং ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে, কেরানীগঞ্জ মডেল থানার  চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

একেএস/এএম