Dhaka Mail Logo

জাতীয়

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ জন্য একটি রোডম্যাপ তৈরির কথাও বলেছেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আসুন, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য একটি রোডম্যাপ তৈরিতে একসঙ্গে কাজ করি। আসুন, আমরা একসঙ্গে এগিয়ে যাই এবং জাতি গঠনে মনোনিবেশ করি।’

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী সমাজের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ অংশকে স্বাবলম্বী করে তুলতে এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের শক্তিশালী করতে ‘অসামান্য অবদান’ রাখার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আপনাদের স্যালুট জানাই, আপনারা এসব মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে সাহায্য করছেন। আমি আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, বিশেষ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় আপনাদের পাশে দাঁড়াবে। এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে কথা বলব।’ 

ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সা.) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল (অব.) এম. নুরউদ্দিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়েজ আহমেদ, ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।

ইনস্টিটিউটের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান শান্তি, সহনশীলতা ও সমতার বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুধাবন ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত-এ-রাসূল (সা.), কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রবন্ধ প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগ ও বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে অংশ নেওয়া দেশের নানা প্রান্তের দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এএইচ