Dhaka Mail Logo

জাতীয়

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি বলছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। শহরজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থেকে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।

ডিএমপি আরও জানায়, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবে। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‍্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হয়েছে।

স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স রাজধানীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল, র‌্যালি কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট থানার মোবাইল র‌্যালির সামনে পেছনে থাকবে।

ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।

এমআইকে/এএম