Dhaka Mail Logo

জাতীয়

ইঞ্জিন বিকল হয়ে টানা ৩ দিন সাগরে ভাসার পর ১২ জেলে উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

বঙ্গোপসাগরে ইঞ্চিন বিকল হয়ে টানা তিন দিন ভাসার পর কোস্ট গার্ড ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় জেলেরা তীব্র খাদ্য সংকটে পড়েছিলেন। পরে তাদের একজন উপায় না পেয়ে কল দেন জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ। এরপর মাঝ সাগর থেকে কোস্ট গার্ডের মাধ্যমে তাদেরকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

আনোয়ার সাত্তার বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে একজন ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি সেই ফোন কলে জানান যে, গত ২০ আগস্ট শাহপরীর দ্বীপ থেকে ১২ জন মাছ ধরতে রওনা দিয়েছিলেন। দুইদিন সাগরে মাছ ধরার পর ২২ আগস্ট (শনিবার) তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে গেলে সেন্টমার্টিন নিকটবর্তী বঙ্গোপসাগরে নোঙর করে ইঞ্জিন মেরামতের চেষ্টা করে ব্যর্থ হন। সেখানে তাদের খাবার ও পানীয় জল ফুরিয়ে যায়।

কল পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য সেন্টমার্টিন কোস্টগার্ডের কন্ট্রোল রুমকে জানানো হয়। পরে ৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডের উদ্ধারকারী দল কলারের সঠিক অবস্থান চিহ্নিত করে খুঁজে বের করে তাদের খাদ্য ও পানীয় সরবরাহ করে এবং ১২ জন জেলেকে বিকল নৌযানসহ উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

এমআইকে/এফএ