Dhaka Mail Logo

জাতীয়

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম

সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে র‌্যাবের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। 

র‌্যাব জানিয়েছে, আগামীকাল (১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিতকল্পে র‍্যাব কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 

প্রত্যেক ব্যাটালিয়ন কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা হুমকি পর্যালোচনাপূর্বক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে র‍্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হবে এবং নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনাপূর্বক অনুষ্ঠানের নিরাপত্তায় পূর্ব থেকেই স্কেলিটন ফোর্স মোতায়েন করা হবে। 

সংশ্লিষ্ট এলাকার স্থানীয় মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ এবং নাগরিক নিরাপত্তা কমিটির ব্যক্তিদের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

কোনো অনুষ্ঠানে হামলা/নাশকতামূলক কর্মকাণ্ড ও অপতৎপরতা রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা ও বিতর্কিত উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

জরুরি অবস্থা মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট, মন্তব্য ছবি আপলোড ইত্যাদি চিহ্নিত করার লক্ষ্যে চলমান সাইবার পেট্রোলিং বিশেষভাবে জোরদার রয়েছে। 

যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে র‌্যাব।

এমআইকে/এএইচ