নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ১১:১১ এএম
ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় এসেছিলেন দুই ভারতীয় নাগরিক। সঙ্গে থাকা ট্রলিতে ছিল শাড়ি। কিন্তু তল্লাশি করতেই বেরিয়ে আসে ৫ কেজি ৪০ গ্রাম ‘কুশ’ মাদক।
সোমবার (২৪ আগস্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে তল্লাশি চালিয়ে এসব কুশ জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এছাড়া জব্দ করা হয় ৩ লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়ি।
গ্রেফতার করা হয় সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ নামে ওই দুই ভারতীয় নাগরিককে। জব্দ করা হয় তাদের পাসপোর্টও। গ্রেফতার দুজন ভারতের উত্তর-চব্বিশ পরগুনার বাসিন্দা বলে জানা গেছে।
ডিএনসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় দুই নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি চালিয়ে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ, ২৪ পিস ভারতীয় শাড়ি ও ৪টি স্মার্টফোন, ৪০০ ইউএস ডলার, ১১৭০ থাইল্যান্ডের মুদ্রা (বাথ) ও ১১৭০ ভারতীয় মুদ্রা (রুপি) উদ্ধার করা হয়।
ডিএনসি আরও জানায়, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা করেছে। এ ঘটনার পর তাদের সহযোগী কয়েকজন বাংলাদেশিকে ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
একেএস/এমআর