Dhaka Mail Logo

জাতীয়

বিমানবন্দর এলাকার ৪০ ভবঘুরে ও ভিক্ষুক আটক 

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকা ও এর আশপাশ থেকে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিআইপি রোডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিমানবন্দর থানা সূত্র জানায়, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়। 

অভিযানে আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, দুজন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিমানবন্দর থানা পুলিশ আরও জানায়, গত কয়েকদিনে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ৩২৮ জনকে আটক করা হয়েছে। আটক শিশুদের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্র, মিরপুরে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
এমআইকে/এএইচ