নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম
আগামী ২৬ আগস্ট (বুধবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন সরকারি ছুটি থাকবে। তবে সবাই সে ছুটি ভোগ করতে পারবেন না।
ইসলামিক ফাউন্ডশেনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী- স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিতরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্যও এই ছুটি প্রযোজ্য হয় না।
এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
এসব প্রতিষ্ঠানের বাইরে ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা বা বন্ধ থাকবে কি না, তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন।
এর আগে গত ১৩ আগস্ট চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৬ আগস্ট ঈদের মিলাদুন্নবীর ছুটির কথা জানায় ইসলামিক ফাউন্ডশেন।
প্রতিষ্ঠানটি জানায়, গত ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। ফলে এদিন সরকারি ছুটি থাকবে।
এএইচ