নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৩:৪২ পিএম
বাংলাদেশে থাকা বিদেশি একাধিক দূতাবাসে বিভিন্ন ভুয়া ইমেইল অ্যাকাউন্ট থেকে মেইল পাঠিয়ে হুমকির ঘটনা ঘটছে। তবে, এসব ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। এছাড়াও দূতাবাস এলাকাগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে দূতাবাসগুলোতে হুমকির ঘটনা নিয়ে জানতে চাইলে এসব তথ্য জানান পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম।
খন্দকার রফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, দূতাবাসগুলোতে বিভিন্ন ভুয়া ইমেইল থেকে হুমকি দিয়ে মেইল এসেছে। বিষয়টি নিয়ে আমাদের বিভিন্ন ইউনিট কাজ করছে। তবে, যেসব ইমেইল অ্যাকাউন্ট থেকে হুমকির মেসেজগুলো এসেছে সেগুলোর কোনো অস্তিত্ব নেই।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা দূতাবাস এলাকাগুলোতে নিরাপত্তা বাড়িয়েছি। সেসব এলাকায় আমাদের অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়াতেই কোনো একটি চক্র এই ধরনের হুমকির বার্তা পাঠিয়ে থাকতে পারে। যেসব অ্যাকাউন্ট থেকে মেইলগুলো পাঠানো হচ্ছে তার কোনো অস্তিত্ব নেই।
এদিকে, কয়েকদিন আগে পাওয়া এই হুমকির বার্তাগুলোর বিষয়ে দূতাবাসগুলো ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) অবহিত করে। এর ভিত্তিতে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে।
একেএস/এএস