Dhaka Mail Logo

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত গণসমাবেশ বাতিলের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

হাসনাত কাইয়ূম বলেন, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে দেশের পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে। এই সংকট মোকাবিলায় অর্থনৈতিক সংস্কার, পাচারকৃত ও অবৈধ অর্থ উদ্ধার এবং প্রান্তিক মানুষকে সহজ শর্তে পুঁজি দেওয়ার জন্য বিশেষ আইন প্রণয়নের দাবিতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশের আয়োজন করা হয়েছিল।

তিনি দাবি করেন, সমাবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছিল এবং ১০ দিন আগেই ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) লিখিতভাবে জানিয়ে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করা হয়। তবে কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে শেষ মুহূর্তে ডিএমপি সমাবেশটি বাতিল করে দেয়।

এ সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ ও ‘বাক্‌স্বাধীনতাবিরোধী’ আখ্যা দিয়ে হাসনাত কাইয়ূম বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে প্রশাসনিক ক্ষমতাবলে গণসমাবেশ বন্ধ করে দেওয়া সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এর মাধ্যমে রাষ্ট্র ও অর্থনৈতিক সংস্কার এবং পাচার ও দুর্নীতিবিরোধী উদ্যোগের বিরোধিতার বিষয়টি স্পষ্ট হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রথম দাবিতে সমাবেশ বাতিলের জন্য দায়ীদের বিচার দাবি করা হয়। হাসনাত কাইয়ূম বলেন, সিদ্ধান্তটি যদি পুলিশের একক সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত বিচার করতে হবে। এটি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আগামী সাত দিনের মধ্যে সরকারকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দ্বিতীয় দাবিতে আগামী ৩০ আগস্ট জাতীয় সংসদের স্পিকারের কাছে ‘অর্থনৈতিক সংস্কার ও পাচারকৃত অর্থ উদ্ধারপূর্বক প্রান্তিক উদ্যোক্তাদের পুঁজি প্রদান সংক্রান্ত বিশেষ আইন’-এর খসড়া জমা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। জাতীয় স্বার্থে স্পিকারকে খসড়াটি গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

তৃতীয় দাবিতে বাকস্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. নজরুল হক, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক রাশিদা বেগম, বাসদের (মার্কসবাদী)কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়দীপ ভট্টাচার্য্য, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ফরিদুল ইসলাম ফরিদসহ যৌথ আয়োজক সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন।

এমএইচ/এএইচ