নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
পূর্ব কোনো ঘোষণা ছাড়াই ঢাকার একটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁও থানায় আকস্মিক হাজির হন তিনি।
এসময় থানা ভবনের পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন।
একই সঙ্গে তাদের অভিযোগগুলো দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সাথে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।
এসময় তিনি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। ব্যারাক পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের সার্বিক খাদ্যের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
সেই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
একেএস/এএম