নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
নির্ধারিত সময়ের মধ্যে যে ২১টি নিবন্ধিত রাজনৈতিক দল বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি, তাদের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে হিসাব জমা না দিলে দলগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২২ আগস্ট) ইসির এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, গত ৩১ জুলাই ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় হয়েছে। এ সময়ের মধ্যে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে বিএনপি, জামায়াতসহ ৩৮টি দল হিসাব জমা দিয়েছিল। আর ১৩টি দল সময় বাড়ানোর আবদেন করেছিল।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সাতটি দল কোনো সাোড়া দেয়নি। পরবর্তীতে গত ১৩ আগস্ট জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১৩ আগস্ট হিসাব জমা দেয়। আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। বর্তমানে যে দলগুলো হিসাব জমা দেয়নি, তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে পারবেন। এরপর যদি কোনো দল জমা না দেয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, সাড়া না দেওয়া দলগুলো মধ্যে রয়েছে- এনসিপি, জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এই দলগুলোকে সতর্ক করে চিঠি দেওয়া হতে পারে।
ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, দলগুলোর সময় বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
রাজনৈতিক দল নিবন্ধনের নিয়ম অনুযায়ী, কোনো দল পর পর তিনবার হিসান জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল করে দিতে পারে নির্বাচন কমিশন।
এমএইচএইচ/এএইচ