Dhaka Mail Logo

জাতীয়

শাহজালালে প্রায় ৩ কোটি টাকার চোরাই পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৬, ১১:২১ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা কয়েক দিনের অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের চোরাচালান ও অবৈধ আমদানির পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব অভিযানে গোল্ড পেস্ট, স্বর্ণপিণ্ড, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, বিপুল পরিমাণ সিগারেট, মোবাইল ফোন, নিষিদ্ধ ক্রিম, মিল্ক পাউডার, বিদেশি ঔষধ ও মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন শিফটে পৃথক গোয়েন্দা অভিযানের মাধ্যমে এসব পণ্য আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রী প্রোফাইলিং ও ব্যাগেজ তল্লাশির মাধ্যমে চোরাচালানের একাধিক প্রচেষ্টা নস্যাৎ করা হয়।

দুবাইফেরত যাত্রীর ব্যাগে স্বর্ণসদৃশ পেস্ট

 

১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়। পরে স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করলে তা থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ৮ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট আটক করা হয়। এ অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

বিদেশি ঔষধ ও মোবাইল ফোন আটক

১৮ আগস্ট শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটে কলম্বো থেকে ঢাকায় আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন, আইফোনের এসকেডি ফ্রন্ট ও ব্যাক পার্টস এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ঔষধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

নিষিদ্ধ ক্রিম, দুধের গুঁড়া ও সিগারেট

২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা ইকে-৫৮২, বিএস-৩৪২ ও জিএফ-২৫০ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি ন্যান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস বা ৪ দশমিক ৪৬ কেজি ক্রিমজাতীয় ঔষধ আটক করা হয়।

এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিনে বি-শিফটের পৃথক অভিযানে বিএস-৩৪৬, বিএস-৩১৬ ও ইকে-৫৮৬ ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও ৪ লিটার বিদেশি মদসহ সাবান ও অন্যান্য পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

একদিনেই প্রায় ১৪ লাখ টাকার পণ্য আটক

২১ আগস্ট মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ পাওয়া যায়।

এ ছাড়া একই দিনে ইকে-৫৮২ ও কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

সিআইআইডি জানায়, চোরাচালানের ধরন ও কৌশল পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দরে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং শিফটভিত্তিক নিবিড় নজরদারি জোরদার করা হয়েছে। এর মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এমআর/এমএইচআর