Dhaka Mail Logo

জাতীয়

উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির দীর্ঘদিনের কূটনৈতিক তৎপরতা ও দলের চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হুমায়ুন কবির এবার সরাসরি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আসছেন। নতুন সরকার গঠনের পর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া এই বিএনপি নেতাকে এবার সরাসরি প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আজই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন হুমায়ুন কবির।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন। সেখানে হুমায়ুন কবিরের নামও আলোচিত হচ্ছে। তবে তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। 

হুমায়ুন কবির যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক বিষয়ে তিনটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনেও তিনি যুক্তরাজ্যের মেয়রের দফতরসহ ব্রিটিশ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার এই অভিজ্ঞতাই বিএনপির নীতিনির্ধারণী মহলে তাকে গুরুত্বপূর্ণ করে তোলে বলে দলীয় নেতাদের দাবি।

আরও পড়ুন

বিমান মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন মিল্লাত

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, শপথ আজই

বিএনপির সূত্র জানায়, লন্ডনে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তিনি তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক কাজের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কর্মকৌশল নির্ধারণেও তার ভূমিকা ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরে গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) পদে দায়িত্ব পান।

হুমায়ুন কবিরের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে। শৈশবেই তিনি যুক্তরাজ্যে প্রবাসী হন। দেশে ফেরার পর তিনি সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ওই আসনে বিএনপি গুমের শিকার নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দেয়। পরে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।

জেবি