নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হতে পারেন। এক্ষেত্রে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদে রদবদল হচ্ছে। সেখানে রশিদুজ্জামান মিল্লাতের মন্ত্রী হওয়ার আলোচনাও রয়েছে।
সরকারের একটি সূত্র ঢাকা মেইলকে জানিয়েছেন, বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হতে পারেন। এক্ষেত্রে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হবেন। আর বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য কোনো মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হন রশিদুজ্জামান মিল্লাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।
রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে রশিদুজ্জামান মিল্লাতকে এবার মন্ত্রিসভায় আনা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি ভালো করায় পদোন্নতি পেতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। একই সঙ্গে ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন বা পুনর্বণ্টন হতে পারে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানিয়েছে।
মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সূত্র জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন বা পুনর্বণ্টন হতে পারে। কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। নতুন চার সদস্যের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
জেবি