Dhaka Mail Logo

জাতীয়

রদবদল হতে পারে যেসব মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। একই সঙ্গে ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন বা পুনর্বণ্টন হতে পারে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সূত্র জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন বা পুনর্বণ্টন হতে পারে। কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। নতুন চার সদস্যের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতাদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। রদবদল ও মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ সময়ের মধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা। তাঁর শপথের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য কয়েকটি পতাকাবাহী গাড়িও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তিন থেকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এসব গাড়ির জন্য চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।

এআর