নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সাধারণ কোনো সরকারি আয়োজন নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক নেতা, কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই আয়োজন। ফলে অতিথিদের তালিকা তৈরি ও আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজটি বেশ গুরুত্ব দিয়ে করতে হয় মন্ত্রিপরিষদ বিভাগকে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়।
এ ছাড়া ঢাকায় দায়িত্ব পালনরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ বিদেশি কূটনীতিকদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে যাদের জন্য বিশেষ প্রটোকল প্রযোজ্য, তাদের কাছে নির্ধারিত নিয়মে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও বিদেশি কূটনীতিকদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমন্ত্রণপত্র পেয়েছেন কি না, সেটিও নিশ্চিত করা হয়।
তবে বঙ্গভবনের দরবার হলের আসনসংখ্যার তুলনায় আমন্ত্রিত অতিথির সংখ্যা অনেক বেশি। বর্তমানে সেখানে প্রায় ৭০০ জনের বসার ব্যবস্থা থাকলেও এবার ১ হাজার ৫০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ কারণে দরবার হলের ভেতরে অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হচ্ছে। আর যারা হলে জায়গা পাবেন না, তাদের জন্য বঙ্গভবনের বারান্দা ও মাঠে প্যান্ডেল করে এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে মূল অনুষ্ঠানস্থলের বাইরে থেকেও আমন্ত্রিত অতিথিরা শপথ অনুষ্ঠান দেখতে পারবেন।
আজকের শপথ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
এএইচ/এআর