নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম
সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে তার রাজধানীর ৩৫ হেয়ার রোডের বাসভবনের সামনে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। বাসভবন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকলেও পুলিশের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।
শুক্রবার (২১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বাসভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অল্পসংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। তাদের কেউ বাসভবনের ফটকের সামনে, আবার কেউ রমনা পার্কসংলগ্ন ফুটপাতে অবস্থান করছেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাসভবনের ফটকে ব্যানার টানিয়েছে ঠাকুরগাঁও জেলা সমিতি। বাসার সামনেও অবস্থান করছেন সমিতির একাধিক সদস্য।

বাসভবনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই অল্প অল্প করে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে বাসভবনে আসছেন। তাদের মধ্যে ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীদের সংখ্যাই বেশি। এ কারণে বাসভবনের নিরাপত্তা কিছুটা জোরদার করা হয়েছে।
ঠাকুরগাঁও থেকে আসা আব্দুল জলিল বলেন, ‘মির্জা ফখরুল সাহেব দীর্ঘদিন ত্যাগের রাজনীতি করেছেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাকে শুভেচ্ছা জানাতে এসেছি। যদিও তার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। তবে মসজিদে এক নজর দেখেছি, এটাও অনেক শান্তির।’
আরও পড়ুন: মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান মাহবুব বলেন, ‘গতকাল দেখা হয়েছে। আজও একসঙ্গে নামাজ আদায় করেছি। আমি তার নির্বাচনি কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করেছি। তিনি রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য মানুষ ছিলেন এবং তিনি সেটা পেয়েছেন। আমরা অনেক আনন্দিত।’
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সাঈদুর রহমানও মির্জা ফখরুলকে ঠাকুরগাঁওয়ের গর্ব হিসেবে উল্লেখ করে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন।
এদিকে, বাংলাদেশ শিল্প উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন আহমদ বলেন, আমি উনার সাথে ৯০ এর গণঅভ্যুত্থানের সময় আন্দোলন করেছি। ডাকসুতে ছাত্রদলের প্যানেলের কাজ করছি।
মির্জা ফখরুল ইসলামের সাথে কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘৭ তারিখে উনার সঙ্গে দেখা হয়েছে। কোটি লোকের কর্মসংস্থানের সুপারিশ জমা দিয়েছি। উনি এটা নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছিলেন। গতকালও দেখা হয়েছে। নিয়মিতই তার এখানে আসি।’
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে নেতাকর্মীদের এমন উপস্থিতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আসা মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
এমএইচ/এআরএম