জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম
অবশেষে ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯, ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও কর্নেল (অব.) অলি পেয়েছেন ৮৮ ভোট।
এরআগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও।
নির্বাচনি কর্মকর্তা ও সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, আজ বৃহস্পতিবারই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে।
বাংলাদেশ সচিবালয় ও সংসদ সচিবালয় সূত্র জানায়, নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
আরআগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিইউ/এএম