Dhaka Mail Logo

জাতীয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড, বাংলাদেশিদের জন্য জরুরি হেল্পলাইন চালু

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির খবর পাওয়ার পর জরুরি তৎপরতা শুরু করেছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন। ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন মিশনের কর্মকর্তারা।

বুধবার (১৯ আগস্ট) ভোরে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন বলে জানা গেছে। অন্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের পর বাংলাদেশি নাগরিকদের সহায়তায় উপহাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গেও ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগ : মো. ওমর ফারুক আকন্দ দ্বিতীয় সচিব (রাজনৈতিক), মোবাইল : +৯১ ৮২৭৪৮২১৩৫২, হোয়াটস অ্যাপ: +৮৮০১৭১৭২৯১২৬৬ +৯১৯৯০৩৪২৬১১৯.

বাংলাদেশি নাগরিক ও তাদের স্বজনদের জরুরি সহায়তার জন্য কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে।

ঘটনার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

এমআই