নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম
আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সংসদ সদস্যরা (এমপি) যেভাবে ভোট প্রদান করবেন তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশিকা থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। উক্ত সময়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় কর্তৃক সরবরাহকৃত আইডি কার্ড সাথে রাখতে হবে।
সংসদ কক্ষে নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার নিকট হতে নিজ নাম ও বিভক্তি সংখ্যা মুদ্রিত ব্যালট পেপার প্রাপ্তির পর ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে ভোটারের স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তাকে ফেরত দিতে হবে।
আরও পড়ুন: পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি
এতে আরও বলা হয়েছে, ব্যালটের আউটার ফয়েল বা ব্যালট অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট প্রদান করতে হবে।
ভোট প্রদানকৃত ব্যালটটি সংসদ কক্ষে সংরক্ষিত ব্যালট বাক্সের অভ্যন্তরে রাখতে হবে। কোন কারণে সরবরাহকৃত ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে ব্যালট বাক্সের অভ্যন্তরে রাখার পূর্বে সেটি নিয়ে নির্বাচনী কর্তার নিকট উপস্থাপন করতে হবে। নির্বাচনী কর্তা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে নির্বাচনি প্রচার করা বা এ উদ্দেশ্যে কোনও বক্তব্য কিংবা ভাষণ দেওয়া যাবে না।
ভোটদানকালে কোনও তাৎক্ষণিক সমস্যার উদ্ভব হলে চীফ হুইপ ও বিরোধীদলের চীফ হুইপ এর শরণাপন্ন হতে হবে। ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে সেখানে পূর্ণ নাম লিখতে হবে।
২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে রয়েছেন।
এমএইচএইচ/এআরএম