Dhaka Mail Logo

জাতীয়

উপসচিব হলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার ১১ পিএস

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সিনিয়র সহকারী সচিব পদের ২৬২ জন ও বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী ও সচিবের একান্ত সচিব (পিএস) রয়েছেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মো. আবদুল হক; প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক সহকারীর একান্ত সচিব প্রবীর কুমার রায় পদোন্নতি পেয়েছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব সামিউল আমিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মোশারেফ হোসেন, রেলপথ প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুমন দাস পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. আজিজুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. নাজমুস সাকিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একান্ত সচিব বশির আহমেদ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম।

প্রশাসন ক্যাডারের ১৯০ জনসহ কৃষি, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, সাধারণ শিক্ষা, পরিবার পরিকল্পনা, মৎস্য, স্বাস্থ্য, তথ্য (সাধারণ), তথ্য (বেতার-অনুষ্ঠান), তথ্য (বেতার-প্রকৌশল), পশু সম্পদ, পুলিশ, ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত (সিভিল), রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক), রেলওয়ে (প্রকৌশল), সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর ও টেলিযোগাযোগ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

বিইউ/এআর