Dhaka Mail Logo

আইন-আদালত

চট্টগ্রামে ট্রাকচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

চট্টগ্রামের পাহাড়তলী থানার ট্রাকচালক মো. সজিব (২৭) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং থানার সাহেবপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. নুরুল আমিন, কুমিল্লার দেবিদ্বার থানার আবদুল্লাহপুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. শাহজাহান এবং ফেনী সদর থানার সাফিয়াবাদ এলাকার আমিনুল হকের ছেলে মো. নুরুল আলম টুটুল।

আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাওসার সাগর বাসসকে জানান, মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২, ৩০১ ও ৩৪ ধারায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার সময় আসামি নুরুল আলম টুটুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর মালামাল পরিবহনের কাজে বাড়ি থেকে বের হওয়ার পর সজিবের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২৭ অক্টোবর পাহাড়তলী থানার টোল রোড এলাকার একটি কৃষিজমি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফিঙ্গারপ্রিন্ট ও এনআইডির মাধ্যমে স্বজনরা মরদেহটি সজিবের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের ভাই ইকবাল হোসেন রবিউল পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। ২০২৩ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

এএইচ