নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম
রাজধানীর শ্যামপুরে স্ত্রীর সঙ্গে ‘ঝগড়া’র পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ৭টার পর জুরাইনের কমিশনার রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সাকিব। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার লাবনীপাড়া গ্রামের আমান শেখের ছেলে। জুরাইনে একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন তিনি।
জানা গেছে, গলায় ফাঁস নেওয়ার পর সাকিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবের প্রতিবেশী মোহাম্মদ আলী বলেন, সকালের দিকে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিমান করে সাকিব নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে ইতোমধ্যে জানানো হয়েছে।
একেএস/এএইচ