জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম
রাজধানীর ডেমরায় একটি বাসা থেকে দুটি পাইপ বোমা উদ্ধার ও দুজনকে গ্রেফতারের ঘটনায় মামলা হয়েছে।
রোববার রাতে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন অ্যান্টি-টেররিজম ইউনিটের (এটিইউ) এক সদস্য।
সোমবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান।
তিনি ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন জুয়েল ওরফে জুয়েল ওস্তাদ ওরফে জুয়েল ভূঁইয়া এবং আরিফ চৌধুরী।
তবে মামলায় কী উল্লেখ করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি।
জানা গেছে, রোববার বিকেলে ডেমরা এলাকার একটি বাড়ি ঘিরে রাখেন অ্যান্টি-টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা। ওই বাড়িতে জঙ্গি জুয়েল অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে জুয়েলকে গ্রেফতার করা হয়।
এ সময় বাড়িটিতে দুটি পাইপ বোমা দেখতে পেয়ে এটিইউ সদস্যরা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে খবর দেন। পরে সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করেন।
সিটিটিসি দাবি করেছে, গ্রেফতার জুয়েল ওরফে জুয়েল ওস্তাদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের সহযোগী। তার কাছ থেকে হাতে তৈরি দুটি বোমা উদ্ধার করা হয়েছে।
এটিইউ জানিয়েছে, জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পশ্চিম বক্সনগর এলাকার নিঝুমবাগ গরীবে নেওয়াজ মসজিদ রোড মোড়ের একটি বাসা থেকে আরিফকে গ্রেফতার করা হয়।
এমআইকে/এআর