Dhaka Mail Logo

জাতীয়

ঢাকা দক্ষিণ সিটির লাইসেন্স সুপারভাইজার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক লাইসেন্স সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

অভিযুক্ত মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৬ আগস্ট) ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্পে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ নেন ওই কর্মকর্তা। তবে দেড় মাসের বেশি সময় পার হলেও লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি।

অভিযোগ শুনে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে প্রাথমিক সত্যতা পাওয়ায় মোস্তফা নূরউদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

একইসঙ্গে কেন তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, নাগরিক ও ব্যবসায়ী সেবায় অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিষয়ে ডিএসসিসি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। শোকজের জবাব পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/এএইচ