নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম
রাজধানীর ডেমরা এলাকায় একটি বাড়িতে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। সেই বাড়িটি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম (সিটিটিসি)।
এ ঘটনায় একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি।
রোববার (১৬ আগস্ট) ডেমরার পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটিটিসি বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে একটি নিষ্ক্রিয় করেছে। অপর একটির নিষ্ক্রিয়ের কাজ চলছে। বোমাসহ একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বলেন, আমরা বিকেল ৫টায় খবর পাই। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কার্যক্রম চালাচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট একজন আটক করা হয়েছে। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।
একেএস/এএইচ