Dhaka Mail Logo

জাতীয়

চাঁদাবাজি ও অটোরিকশা দমনে কঠোর পদক্ষেপ: অতিরিক্ত কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

রাজধানী ঢাকায় চাঁদাবাজি ও অটোরিকশা কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম।

রোববার (১৬ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মতিঝিল কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে সরকারের উচ্চপর্যায় অত্যন্ত আন্তরিক। যানজট নিরসনেও চেষ্টা চলছে।

যানজট নিরসন ও এআই ট্রাফিক ক্যামেরা নিয়ে এ সময় তিনি র্বলেন, যানজট নিরসনে ট্রাফিক ক্যামেরাগুলো সচল করা হবে। আমরা ক্যামেরাগুলো সচল করতে চাই। নিরাপদ ঢাকা করার চেষ্টা চলছে। পরিবর্তন হচ্ছে। ছোট ছোট পরিবর্তনগুলো মিলে বড় পরিবর্তন একসময় আপনাদের চোখে পড়বে।

চাঁদাবাজি নিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, চাঁদাবাজির বিষয়গুলোকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। চাঁদাবাজির বিষয়গুলো অত্যন্ত কঠোর হাতে দমন করতে পুলিশ সদস্যদের বলেছি।

ডিসিসিআই ও দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় লাইসেন্স নবায়ন সেবা সপ্তাহের উদ্বোধন ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এতে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

এমআইকে/এআর