Dhaka Mail Logo

জাতীয়

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম

সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম কিশোরগঞ্জ সফর।

রোববার (১৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সফরে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। একই অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক বিতরণ করা হবে।

দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান।

এরপর বিকাল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী। বিকাল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদরিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে।

সফরের সব কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

/এএস