Dhaka Mail Logo

জাতীয়

একদিনে চার ফ্লাইটে অভিযান, ৪২ লাখ টাকার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে চারটি পৃথক ফ্লাইটে অভিযান চালিয়ে ১৩৩ গ্রাম স্বর্ণ, শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস সিরাম ও ৬ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

শনিবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তারা ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করেন। যাত্রী প্রোফাইলিং, গোপন তথ্য ও নজরদারির ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের লাগেজ ও ব্যবহৃত সামগ্রী তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।

সিআইআইডি জানায়, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটে (কলম্বো-ঢাকা) এক যাত্রী স্বর্ণ নিয়ে আসছেন বলে গোপন তথ্য পায় সি-শিফট। এর ভিত্তিতে ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।

দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় এমডি পারভেজ নামে এক যাত্রীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ট্রলিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি গোপন স্থানে লুকানো ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ছাড়া তার লাগেজ থেকে ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ পাওয়া যায়। এসব ওষুধ আমদানির প্রয়োজনীয় অনুমতিপত্র ও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। স্বর্ণ ও ওষুধসহ আটক পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

অন্য একটি অভিযানে এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে আসা যাত্রী জনি মিয়ার ব্যাগেজ তল্লাশি করে ৬ লিটার গ্র্যান্টস ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এমিরেটসের ইকে-০৫৮৬ ফ্লাইটে আসা যাত্রী মো. মিজানুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টন সিগারেট ও পাকিস্তানি হোয়াইটিং সিরামের ৭০৮ পিস উদ্ধার করা হয়। আটক পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।

অন্য এক অভিযানে আরেক ফ্লাইটে আসা যাত্রী সুমা বেগমের ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

সিআইআইডি জানিয়েছে, একই দিনের এসব অভিযানে সব মিলিয়ে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস সিরাম ও ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

সিআইআইডির কর্মকর্তারা বলছেন, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি ঠেকাতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমআর/এএস