নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নাম, লোগো, প্যাড ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তার নামে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানতসহ বিভিন্ন নামে অর্থ দাবি করা হচ্ছে।
একইভাবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানী, অনুদান কিংবা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনে প্রলুব্ধ করা হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদ বা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ দিয়ে চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ নেই।
প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রতারকরা অনেক সময় কর্মকর্তাদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর ও প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম ও অর্থ সহায়তার তালিকা তৈরি করছে।
ইসলামিক ফাউন্ডেশন চাকরিপ্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি ও শেষ তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মসজিদ কমিটির সদস্যদের কোনো ধরনের সহায়তা বা সুবিধার বিনিময়ে আগাম অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিংয়ের পিন, ওটিপি, পাসওয়ার্ডসহ গোপনীয় তথ্য অপরিচিত ব্যক্তি বা অনলাইন গ্রুপে না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি, পোস্ট, ফোন নম্বর, স্ক্রিনশট ও লেনদেনের তথ্য সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এফএ