নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম
আগামীকাল (রোববার) কিশোরগঞ্জে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বিকাল ৪ টায় কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মানী প্রদানের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণও করবেন তিনি। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।
শনিবার (১৫ আগস্ট) শনিবার ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সম্মানী প্রদান ও কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদ মর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ স্থানীয় সংসদ সদস্যরা।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর সূচি অনুযায়ী, এদিন সকাল সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এরপর বেলা সাড়ে ১২টায় কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। পরে দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন রাষ্ট্রীয় এ সুবিধা পাবেন। চলতি অর্থবছরে মাসিক সম্মানী প্রদানের জন্য সারাদেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩,০০০টি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা নির্বাচন করা হয়েছে।
এমআর/এএম