ঢাকা মেইল ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম
দেশে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে ১১টি জেলায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এরমধ্য ১০ জেলার দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অনেকে।
এদিন কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায় পৃথক বড় দুর্ঘটনা ঘটেছে। এই দুই দুর্ঘটনায় চারজন করে মোট ৮ জন নিহত হয়েছেন।
আর নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ, যশোরে পৃথক দুর্ঘটনায় ১ জন করে মোট ৮ জন নিহত হয়েছেন।
তবে চট্টগ্রামে বাস দুর্ঘটনায় বহু যাত্রী আহত হলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
১৬ জন নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে শিক্ষক, শিক্ষার্থী, কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন।
বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
নিহতরা হলেন- খুটাখালীর সেগুনবাগিচার মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ির শিয়াপাড়ার মো. শাহেদ (২৭), খুটাখালীর মো. জিয়াবুল হক (২৫) এবং ঈদগাঁওয়ের মোহাম্মদ রফিক (২৮)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনায় জেলার পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া নামক স্থানে সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম ও পরিচয় জানা যায়নি।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম- শ্যামল তিগ্গা (৪০)। তিনি আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৬টায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
নিহতের নাম- আনজুয়ারা বেগম (৩৫)। তিনি ঘটনাস্থলেই মারা যান।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন।
নিহতের নাম- জুয়েল দাস (৩০)। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দাসেরহাট ইউনিয়নের চর ঈশ্বর রায় গ্রামের মতিলাল দাসের ছেলে। এই ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে একজন আহতও হন।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া ফিরোজ কাজীর পুকুর সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম- পলাশ প্রামানিক (২৫)। তিনি রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের মর্জৎকোল গ্রামের আরজু প্রামানিকে ছেলে।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহতের নাম- রেজাউল আলম (৪৫)। তিনি মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
বৃহস্প্রতিবার দুপুরে যশোর বেনাপোল ভবেরবেড় এলাকায় বাইপাস সড়কে লোহার গ্রিল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
নিহতের নাম- ইব্রাহিম হোসেন (৫০)। তিনি শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলার ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক।
এই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদর নামে দুজন আহত হন।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে একটি লং হেভিকেলের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহতের নাম- মো. আশরাফুল ইসলাম (৪০)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম- মাহমুদুল হাসান মুয়াজ (২২)। তিনি ঢাকা খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের পটিয়ার বাদামতল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। এতে বাসের অধিকাংশ যাত্রী আহত হন বলে স্থানীয় ও পুলিশ সুত্র জানায়।
এএম