Dhaka Mail Logo

জাতীয়

এনজিও কর্মীদের ‘প্রগতি’ পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ২৫০টি এনজিওর প্রতিনিধিদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এনজিও খাতে কর্মরত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রগতি’ স্কিমে অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকায় এনজিও বিষয়ক ব্যুরোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ ও এনজিও বিষয়ক ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন স্কিমের কাঠামো, উদ্দেশ্য ও সুবিধা তুলে ধরে উপস্থাপনা দেন।

তিনি জানান, রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত এ সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি এবং এনজিও খাতের কর্মীদের জন্য ‘প্রগতি’ স্কিম চালু করা হয়েছে। নিয়মিত চাঁদা প্রদানের মাধ্যমে কর্মজীবন শেষে আজীবন মাসিক পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) ড. কে. এম. মামুন উজ্জামান স্বাগত বক্তব্য দেন। পরে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) শেখ কামরুল হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বেসরকারি ও এনজিও খাতে কর্মরত মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিমে ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন। তিনি এনজিওগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে যোগ্য কর্মীদের প্রগতি স্কিম সম্পর্কে অবহিত করে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাবে। নির্বাচনি ইশতেহারে বেসরকারি খাতের কর্মীদের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তার জন্য পেনশন ফান্ড গঠনের অঙ্গীকার বাস্তবায়নে এনজিওগুলোর সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া এনজিও কর্মীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন।

উন্মুক্ত আলোচনায় এনজিও প্রতিনিধিরা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় ব্যাখ্যা দেন। আলোচনা শেষে অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের প্রগতি স্কিমের আওতায় আনার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।

এএইচ/এমআই