Dhaka Mail Logo

জাতীয়

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রস্তাবক-সমর্থক কে?

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। সংসদের দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন দলের প্রার্থীই রাষ্ট্রপতি হচ্ছেন। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৩ মিনিটে এ মনোনয়নপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা, সিইসি এ এম এম নাসির উদ্দিন। ‘ঘোষণা ও বিবৃতিসহ’ মনোনীত প্রার্থীর সই, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, সই সম্বলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল; দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে একই ব্যক্তির নামে। দুটি মনোনয়নপত্রেরই প্রস্তাবক ও সমর্থক হলেন আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তার দফতরে দুটি আবেদন দুপুরে জমা দেওয়া হয়।

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠিকানা দেওয়া হয়েছে কালিবাড়ী, ঠাকুরগাঁও।

মনোনয়নপত্রে প্রস্তাবকারীর নাম দেওয়া হয়েছে বিএনপির নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খানের। আর সমর্থনকারী হলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তারা দুজনই দলের স্থায়ী কমিটির সদস্য।

বিইউ/এফএ