নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম
দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য ও জনতাত্ত্বিক তথ্যের পূর্ণাঙ্গ চিত্র তুলে আনতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’-এর মাধ্যমে প্রথমবারের মতো দেশব্যাপী একটি স্বতন্ত্র ফুল কাউন্ট ডাটাবেইজ তৈরি করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এ জরিপ উপলক্ষে স্টেকহোল্ডার পরামর্শ কর্মশালার আয়োজন করে বিবিএস। এতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
বিশেষ অতিথি ছিলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ এবং বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠনের অংশীজন, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবিএসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহাবুদ্দীন সরকার এবং জরিপের সার্বিক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক ফারহানা সুলতানা।
কর্মশালায় জানানো হয়, জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পূর্ণাঙ্গ ডাটাবেইজ, বিভিন্ন আর্থসামাজিক সূচক এবং প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোর প্রস্তুত করা হবে। এই তথ্য ভবিষ্যতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী নির্বাচন এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ব্যবহার করা হবে।
বিবিএস জানায়, আগস্ট মাসজুড়ে সংক্ষিপ্ত প্রশ্নপত্রের মাধ্যমে দেশব্যাপী তথ্য সংগ্রহ পরিচালিত হবে। অংশীজনদের মতামত ও সুপারিশ যুক্ত করে প্রশ্নপত্র চূড়ান্ত করার পর মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে।
সংস্থাটি আরও জানায়, দুর্গম এলাকায় তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগৃহীত উপাত্ত নীতিনির্ধারণের পাশাপাশি সরকারি ও বেসরকারি সামাজিক সুরক্ষা সেবা আরও কার্যকরভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।
এএইচ/এমআই