Dhaka Mail Logo

জাতীয়

ফ্যামিলি কার্ড প্রকল্পে ৩২১ কোটি টাকার ট্যাব কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য প্রায় ৩২১ কোটি টাকা ব্যয়ে অ্যান্ড্রয়েড ট্যাব কিনছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং সোশ্যাল প্রটেকশন ফর ইমপ্রুভড রেজিলিয়েন্স, ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং’ প্রকল্পের আওতায় এসব ট্যাব কেনা হবে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ থেকে ট্যাবগুলো কেনার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ট্যাব কেনায় মোট ব্যয় হবে ৩২০ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। এ ক্রয়ের জন্য সুপারিশ করা দরদাতা হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর অধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং প্রকৃত উপকারভোগী শনাক্তকরণে সক্ষম করে তুলতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্ডের ডিজিটাল ব্যবস্থাপনায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাইসহ বিভিন্ন কাজে অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহার করা হবে।

এদিকে একই বৈঠকে চট্টগ্রাম কাস্টমস হাউসের বিদ্যমান মডুলার ডেটা সেন্টার, স্থানীয় এলাকা নেটওয়ার্ক, নেটওয়ার্ক অবকাঠামো এবং সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি অবকাঠামো স্থানান্তর ও পুনঃস্থাপনের জন্য অতিরিক্ত সরবরাহের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ-৬-এর লট-১-এর আওতায় এ কাজ করা হবে। কাজটির জন্য সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড।

প্রস্তাব অনুযায়ী, কাজটির মূল চুক্তিমূল্য ছিল ৮ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার টাকা। এর সঙ্গে ২ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৫৮৮ টাকার ভেরিয়েশন যুক্ত করা হয়েছে। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১০ কোটি ৯২ লাখ ২০ হাজার ৫৮৮ টাকা।

এ কাজের আওতায় চট্টগ্রাম কাস্টমস হাউসের বিদ্যমান তথ্যপ্রযুক্তি অবকাঠামো স্থানান্তর ও পুনঃস্থাপনের পাশাপাশি কমিশনিং সম্পন্ন করা হবে। একই সঙ্গে পুরো কার্যক্রম চলাকালে কাস্টমসের তথ্যপ্রযুক্তি সেবা সচল রাখার ব্যবস্থা করা হবে।

বৈঠকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের একটি প্যাকেজের পুনঃদরপত্রের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে কুমিল্লা সড়ক জোনের অধীন ফেনী সড়ক বিভাগ এ কাজ বাস্তবায়ন করছে।

প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০৬-এর আওতায় পুনঃদরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্র প্যাকেজ নম্বর এডিপি/এনএসইজেড/ওএসটিইটিএম/এফআরডি/ডব্লিউপি-০৬/২০২৫-২০২৬ এবং দরপত্রের পরিচিতি নম্বর ১২৪৫৬৬৮। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

এএইচ/এমআই