Dhaka Mail Logo

জাতীয়

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০৯:২৪ এএম

দীর্ঘ ১৭ বছর অতিরিক্ত পুলিশ সুপার পদে থাকার পর গত বছর ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছিলেন মোহাম্মদ আবদুল মাবুদ। এবার রংপুর রেঞ্জের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার থেকে তাকে রংপুর রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকের পদায়নের কথা জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে তার এই নতুন পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দেড় দশকেরও বেশি সময় ধরে পদোন্নতি থেমে থাকা ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ গত ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি।

সম্প্রতি রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এক জুলাইযোদ্ধার বক্তব্যের প্রেক্ষিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন।

এ সময় পরিস্থিতি শান্ত করতে আবদুল মাবুদ বলেন, ইউনিফর্মের তোয়াক্কা না করে ৩ তারিখ প্রোফাইল পিকচার লাল করেছিলাম। রংপুরের কমিশনার ছিলো ফ্যাসিস্ট! সিনিয়র হওয়ার পরেও আমি পদোন্নতি পাইনি। তার আন্ডারে ছিলাম। ৪ তারিখ আমি ছেলে-মেয়ে নিয়ে রাস্তায় নেমেছি। জুলাই সকলের, কোনো রাজনৈতিক দলের নয়।

এর আগে গত ২৯ জুলাই আরপিএমপি কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিগত সময়ে বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের আন্দোলনে ৫ আগস্ট যদি পটপরিবর্তন না হতো, তাহলে আমি আজকে পুলিশ কমিশনার হয়ে এখানে আসতে পারতাম না। গত ১৭ বছর আমি এডিশনাল এসপি ছিলাম। আমার ব্যাচমেটরা এই মেট্রোতে কমিশনার হিসেবে ছিল। বাট আমি ছিলাম অতিরিক্ত পুলিশ সুপার।

এমআর