Dhaka Mail Logo

জাতীয়

নতুন এলাকার উন্নয়নে অগ্রাধিকার নাগরিকদের চাহিদা: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন এলাকাগুলোর উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণে স্থানীয় নাগরিক ও জনপ্রতিনিধিদের চাহিদা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর খিলগাঁও কায়েতপাড়া এলাকার ৭৫ নম্বর ওয়ার্ডে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ডিএসসিসিতে নতুন যুক্ত হওয়া এলাকাগুলোর উন্নয়নে স্থানীয় নাগরিক ও জনপ্রতিনিধিদের চাহিদার সমন্বয় করা হবে। নাগরিকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কোন প্রকল্প আগে বাস্তবায়ন করা হবে তা নির্ধারণ করা হবে।’ পর্যায়ক্রমে নতুন এলাকায় সড়কবাতি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

dsccএসময় বাসিন্দাদের কর মওকুফের দাবির বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, ‘নাগরিকদের দেওয়া করের সঙ্গে সরকারি বরাদ্দ যুক্ত করেই এলাকার উন্নয়নকাজ পরিচালনা করা হয়। তাই কর না দিলে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হবে। তবে যেসব নাগরিক একেবারেই নিরুপায়, তাদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা যেতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব এলাকার উন্নয়নে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত সমস্যার একটি তালিকা ইতোমধ্যে ডিএসসিসি প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সিটি করপোরেশন দ্রুততম সময়ে এসব সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগ নেবে।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ডিএসসিসির প্রশাসক স্থানীয় এলাকার বিভিন্ন উন্নয়নকাজ সরেজমিন পরিদর্শন করেন।

dscc_1পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি, রাস্তাঘাট, আশপাশের পরিবেশ এবং চলমান উন্নয়ন প্রকল্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, রোপণ করা গাছের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং চলমান উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রশাসক।

এএইচ/এএম