Dhaka Mail Logo

জাতীয়

কৃষি ও প্রাণিসম্পদ খাত আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২৬, ০৫:৩৬ পিএম

বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চেয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (১১ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নির্বাহী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা চান। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি, আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত অনুকূল। আধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞান কাজে লাগিয়ে কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রফতানি বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর সুযোগ রয়েছে।

সয়াবিন উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের চর ও দ্বীপাঞ্চলে সয়াবিন চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় উৎপাদন বাড়ানো সম্ভব। এ জন্য উন্নত প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা প্রয়োজন।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, উন্নতমানের ঘাস উৎপাদন, প্রাণীর পুষ্টি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে সক্ষমতা বাড়াতে কাজ করা হচ্ছে।

নিরাপদ খাদ্য উৎপাদনকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষক ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য কৃষিতে কীটনাশকের নিরাপদ ব্যবহারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশে একটি সনদপ্রাপ্ত জৈব খামার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সনদপ্রাপ্ত জৈব খাদ্য রফতানির লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

মতবিনিময়কালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা বাংলাদেশে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ, প্রযুক্তি এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তারা সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে এবং এসব লক্ষ্য অর্জনে অংশীদার হিসেবে কাজ করার আগ্রহের কথা জানান।

প্রতিনিধিরা বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য বাংলাদেশের বাজারে আরও সুযোগ তৈরি করা সম্ভব। এ জন্য দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত অতুল কেশপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়াবিষয়ক নির্বাহী পরিচালক কেভিন রোপকে, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি টিম লিড খবিবুর রহমানসহ কাউন্সিলের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 এমআর/এআরএম