ঢাকা মেইল ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম
সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি চার তলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ওই ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি ও পুলিশ সদস্যরা।
পুলিশ জানিয়েছে, ওই ভবন থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম, কয়েকটি ককটেল সদৃশ বস্তু এবং জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)–এর বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এক ব্রিফিংয়ে বলেন, মঙ্গলবার হেমায়েতপুর এলাকা থেকে একজনকে পাঁচটি ককটেল ও বিস্ফোরকসহ আটক করে সিটিটিসি। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরের ওই ভবনে অভিযান চালানো হচ্ছে।
ওসি বলেন, ‘এই বাড়িটি ১ তারিখে ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়া নেওয়ার পর সেখানে বিস্ফোরক রাখা হয়। প্রাথমিকভাবে এটিকে জেএমবির কাজ বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, অভিযানে বাড়িটি থেকে জেএমবির বেশ কিছু লিফলেট, কয়েকটি ককটেল সদৃশ বস্তু এবং উল্লেখযোগ্য পরিমাণ বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি সাইফুল আলম বলেন, আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে। আর ভবনটি ঘিরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়।
সিটিটিসির একজন কর্মকর্তা জানান, ভবনটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম জমা করে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবনটিতে তালা থাকায় ভেতরে প্রবেশের প্রস্তুতি নেওয়া হয়।