নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম
ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দিতে সারা বছর হাসপাতাল, কবরস্থানসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের একাধিক পদ্ধতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (-১১ আগস্ট) ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।
ইসি সূত্র জানায়, ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এখনো অনেক মৃত ভোটার তালিকায় রয়ে গেছেন। এ কারণে সারা বছর তথ্য সংগ্রহ করে অধিকসংখ্যক মৃত ভোটার বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে হাসপাতালে রোগী ভর্তি ও ছাড়পত্র, কবরস্থানে দাফন ও সমাধিস্থ এবং শেষকৃত্য সম্পাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা থেকে তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া মৃত্যু সনদ দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
ইসি সূত্র জানায়, তথ্য সংগ্রহের ক্ষেত্রে ধর্মীয় গুরু, যেমন ইমাম ও পুরোহিত, গ্রাম পুলিশ, দফাদার, চৌকিদার ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়া হতে পারে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ ঢাকা মেইলকে বলেন, সারা বছর মৃত ভোটার কর্তনের জন্য একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। কীভাবে মৃত ভোটারদের শনাক্ত করা হবে, তা নিয়ে কাজ চলছে।
সর্বশেষ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
এমএইচএইচ/এআর