নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম
শপথ নিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগপ্রাপ্ত চার সদস্য মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এসময় আপিল বিভাগের বিচারপতি ও পিএসসির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৬ আগস্ট পিএসসির এই নতুন চার সদস্যকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।
নতুন চারজনের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নিয়োগের অন্যান্য শর্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এএইচ