জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাদ জোহর জাতীয় সংসদ ভবনস্থ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এতে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান বীর মুক্তিযোদ্ধাগণ এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
মোনাজাতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্যদের দেশ ও জাতির সার্বিক শান্তি, কল্যাণ, উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি জাতীয় সংসদের সার্বিক সফলতার জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও অগ্রগতি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানানো হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিইউ/এএইচ